যক্ষ্মায় আক্রান্ত ও মৃত্যু অর্ধেকে নেমেছে

২৪ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): সরকারের নানামুখি পদক্ষেপ গ্রহণের ফলে গত ১০ বছরে যক্ষ্মায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ বছর আগে যক্ষ্মায় দেশে বছরে ৮০ হাজার লোক মারা যেত। এখন বছরে প্রায় ৪০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছে। যক্ষ্মা হলে রক্ষা নেই, এটি এখন টোটালি ভুল প্রমাণিত হয়েছে।

জাহিদ মালেক বলেন, যক্ষ্মায় সচেতন থাকলে ও নিয়ম করে ওষুধ সেবন করলে ৯৭ ভাগ যক্ষ্মা রোগী এখন সুস্থ হয়ে যাচ্ছে। তবে, স্বাস্থ্যখাতের এই উন্নয়নের সময়ে এসেও বছরে ৪০ হাজার যক্ষ্মা আক্রান্ত মানুষের মৃত্যু কোনও ভালো খবর নয়। এই সংখ্যা শুণ্যের কাছাকাছি নামিয়ে আনতে স্বাস্থ্যখাতের পাশাপাশি আমাদের সব মন্ত্রণালয় মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা অনেক রোগ বাংলাদেশে নিয়ন্ত্রণ করেছি। আমরা দেশকে পোলিওমুক্ত করেছি। কলেরা, ডায়রিয়া দূর করতে পেরেছি। দেশ টিটেনাসমুক্ত হয়েছে। টিবি নিয়ন্ত্রণেও যথেষ্ট কাজ করছি। আমাদেরকে এখন সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগ নিয়েও কাজ করতে হচ্ছে। দেশে ক্যান্সার, কিডনিতে অসংখ্য লোক মারা যাচ্ছে। এগুলো নিয়েও আমরা কাজ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিবিকে আমরা নির্ণয় করতে পারছি এটি বড় পজিটিভ বিষয়। কারণ, আপনি যদি নির্ণয় করতে পারেন, তাহলে এর চিকিৎসাও আছে। একারনেই টিবিতে মৃত্যুর হার কমে আসছে। যক্ষ্মায় এখন ৯৫ থেকে ৯৭ শতাংশ লোক সুস্থ হয়ে যাচ্ছে।

জাহিদ মালেক বলেন, পৃথিবীতে যতগুলো দেশ আছে, এরমধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণের তালিকায় বাংলাদেশ ৭ নম্বরে আছে। সেটি কিন্তু অনেক বেশি। আমরা নিয়ন্ত্রণে কাজ করছি। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। এ লক্ষ্যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে না, বিভিন্ন উন্নয়ন সহযোগী কাজ করে। তাদেরকে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। এখন আর বলে না যে যক্ষ্মা রোগে রক্ষা নাই। অবশ্যই রক্ষা আছে।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *