৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের দাফন বিকেলে সম্পন্ন হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
চ্যানেল আইয়ের অ্যাসাইন্টমেন্ট এডিটর আরেফিন ফয়সাল আর্ট নিউজকে জানান, বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে রাবেয়া খাতুনের মরদেহ রাখা হবে।
রাবেয়া খাতুন বার্ধক্যজনিত কারণে রোববার বিকেলে মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৩৫ সালে বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। লেখালেখির পাশাপাশি তিনি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন।
১৯৫২ সালের ২৩ জুলাই রাবেয়া খাতুনের বিয়ে হয় এটিএম ফজলুল হকের সাথে। তিনি ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ছিলেন তিনি।
রাবেয়া খাতুনের চার সন্তান… ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
রাবেয়া খাতুন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
রাবেয়া খাতুন/এএমএম/কিউটি















Leave a Reply