রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান উড্ডয়নের পর পরই দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

প্রশিক্ষণের জন্য নিকটবর্তী একটি সামরিক বিমানঘাঁটি থেকে সোমবার বোমারু বিমানটি উড্ডয়ন করেছিল। খবর: সিএনএন।

উড্ডয়নের পর পরই পাইলট বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোলরুমকে জানিয়েছিলেন। জরুরি নির্গমণ পদ্ধতি ব্যবহার করে পাইলট বিমানটি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন।

রাশিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়, এ সময় বিমানটিতে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়।

রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সি কুজনিয়েৎসভ সাংবাদিকদের জানিয়েছেন, সবশেষ তথ্যানুযায়ী এ ঘটনায় ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন ও ১৯ জন আহত হয়েছেন।

আহত ১৯ জনের মধ্যে চারজনকে ক্রাসনাদোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ইয়েস্ক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি শেষ করেছে এবং এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ও ৩৬০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

বিমান বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *