১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নেত্রকোণা): নেত্রকোণার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। হামলা-পাল্টা হামলার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার এই ইউনিযনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনপূর্ব সহিংসতার জের ধরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের সমর্থক সাফায়েত হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার রাত আটটার দিকে ইউনিয়নের মির্জাপুর এলাকায় সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে এ মামলা হয়। মামলায় আসামী করা হয়েছে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শফিকুল কাদেরসহ ৫০ জনকে। এতে বুধবার বিকেল পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩ জন।

স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল কাদের সাজু
মামলা প্রসঙ্গে শফিকুল কাদের আর্ট নিউজকে জানিয়েছেন, সরকারি দলের প্রার্থীকে জেতাতে তার ও কর্মী সমর্থকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
শফিকুল কাদের নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফল ঘুরিয়ে দেয়ার হীন চক্রান্ত চলছে। তিনি দাবি করেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
অন্যদিকে, আওয়ামী লীগ প্রার্থী আজহারুল ইসলাম দাবি করেছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা আগে হামলা চালিয়েছে। তার কর্মীরা সে হামলা প্রতিহত করেছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে
এদিকে, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লক্ষ্মীগঞ্জে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
নির্বাচনী সহিংসতা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply