৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস পদর্শনের আহ্বান জানিয়েছে তিনি।
শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ জন্য বিএনপি’র আন্দোলনের জনগণ সাড়া দিবে না।
তিনি বলেন, বিএনপি’র নিরপেক্ষ সরকারের দাবীতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।
সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই এ বিষয়ে অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না।
আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোন অপকর্মের জন্য, এমন কোন নজির দেখাতে পারবেন কি? শেখ হাসিনা সরকারই বিশ্বজিত ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।
দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেয়া হয়েছে।
বর্তমানে মামলাটি বিচার প্রক্রিয়াধীন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।
আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের, কাউকে ছাড় দেয়া হয়নি। সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, দলীয় পরিচয় কারও আত্মরক্ষার ঢাল হতে পারে না। শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply