শস্য রফতানি চুক্তিতে রাশিয়াকে ফিরে আসার আহ্বান ইইউর

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাথে খাদ্যশস্য রফতানির চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল রাশিয়ার প্রতি এই আহ্বান জানিয়েছেন। খবর: আনাদোলু।

এর আগে শনিবার কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানির চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া।

বিশ্বের খাদ্য সংকট নিরসনে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল।

এর আওতায় নিজ দেশের কৃষ্ণসাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্য অঞ্চলে খাদ্যশস্য রফতানির সুযোগ পায় ইউক্রেন।

এখন এ চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে বিশ্বে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের পথে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ট্যুইটারে দেয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোসেপ বোরেল। তিনি বলেন, চুক্তিতে অংশগ্রহণ স্থগিতের রুশ সিদ্ধান্ত বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় অতিপ্রয়োজনীয় খাদ্যশস্য ও সারের প্রধান রফতানিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ