০৮ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ফিরে পেতে আদালতে আবেদন করেছেন তার স্বামী রোশন সিং।
ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকাতে আবেদন করেছেন তিনি। খবর: আনন্দবাজার পত্রিকা।
রোশনের সেই আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। আগামী জুলাই মাসে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। তবু সবকিছু ভুলে আবার শ্রাবন্তীর সাথে সংসার করতে চান রোশন। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
রোশন জানিয়েছেন, অভিনেত্রী স্ত্রীর সাথে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
রোশন জানান, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।
এ বিষয়ে এখনও শ্রাবন্তীর কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে রোশন বলেছেন, ‘আমি শ্রাবন্তীর সাথে সংসার করতে চাই।
প্রসঙ্গত ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে শ্রাবন্তীর বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সাথেই থাকে সে।
রাজীবের সাথেই বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সাথে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সাথে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সাথে জড়িয়ে যায় রোশনের নাম।
শ্রাবন্তী/এসকেএম














