সশস্ত্র বাহিনী দিবস

২০ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হবে।

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা আলাদাভাবে বাণী দিয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন এবং রেডিও চ্যানেলে একযোগে প্রচার করা হবে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করবেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনী প্রধান ও প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

করোনা ভাইরাস মহামারির কারণে কিছু আনুষ্ঠানিকতা সীমিত আকারে করা হবে। এ বছর ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলো এ বছর জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে না।

দিবসটি উপলক্ষে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

সশস্ত্র বাহিনী/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *