সামিট গ্রুপের সাথে এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল

নিউজ ডেস্ক: সামিট গ্রুপের সাথে কক্সবাজারের মহেশখালীতে হতে যাওয়া দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সচিব রুচিরা ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোনো রকম দরপত্র ছাড়াই বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চ সামিট গ্রুপের সাথে চুক্তিটি করেছিল আওয়ামী লীগ সরকার।

রুচিরা ইসলাম বলেন, সামিট গ্রুপের সাথে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-৩) স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ টার্মিনালটি বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনাল হওয়ার কথা ছিলো।

আর তারিকুল ইসলাম খান জানান, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এদিকে সামিট এক বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) বাতিলের নোটিশ পেয়েছে। তারা মনে করে, এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে।

পেট্রোবাংলা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *