তেলের বাজার স্থিতিশীল রাখতে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী

১৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান বলেছেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফয়সল বিন ফারহান। পরে তিনি রাজধানীর একটি হোটেলে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে একান্ত বৈঠক করেন।

বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের পর দুই পররাষ্ট্রমন্ত্রী শুল্ক খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই করেন। এ ছাড়া দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

চুক্তি ও সমঝোতা সইয়ের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আসতে পারাটা আনন্দের। আমি প্রধানমন্ত্রীর সাথে সকালে দেখা করেছি। বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে সৌদি আরব গর্বিত। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশ আশাবাদী। রাজনৈতিক সংলাপে চমৎকার আলোচনা হয়েছে। সেখানে অনেক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুই দেশের ভবিষ্যৎ রূপকল্প নিয়ে আমাদের মধ্যে সাযুজ্য রয়েছে। আমরা বিশ্বাস করি, নিজেদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক ক্ষেত্রেও আমরা একসাথে কাজ করতে পারি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, প্রথমবারের মতো দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ হলো। সৌদি আরব নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য পাঁচ হাজার গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এক হাজার সৌদি আরবে লাগানো হবে, বাকিটা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে। এখানে আমরা তাদের সাথে অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী। আমরা গাছও দিতে চাই। গাছের পরিচর্যা, রক্ষণাবেক্ষণে কাজ করতে আমরা আগ্রহী।

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ থেকে এবার যারা হজে যাবেন, তারা যেন এ দেশ থেকেই ভিসার অনুমোদন পান, তা নিয়ে আলোচনা হয়েছে। সুখের বিষয় হচ্ছে, এবার যারা হজে যাবেন, তাদের শতভাগেরই ভিসার অনুমোদন হবে এখানে, যাতে কোনও হয়রানি না হয়।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *