নিউজ ডেস্ক: সুন্দরবনে যাওয়া পর্যটকদের কাউকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেয়া হবে না। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ১২ টি জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। স্বাধীনতার জন্য তিনি সারাটি জীবন উৎসর্গ করেছেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তিনি স্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ শুরু করেছিলেন। নিষ্ঠুর পাকিস্তানিরা তাকে হত্যা করতে না পারলেও এদেশের বিপথগামী কিছু লোক তাকে সপরিবারে হত্যা করে। অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে। দেশের মালিক জনগণের সেবা করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, পরিচালক মির্জা শওকত আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply