১৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে উল্লেখ করে, কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এজন্য যে, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র জয় লাভ করেছে। নির্বাচনের সাথে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সেখানে যারা প্রার্থী ছিলো সবাই বলেছে, এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যদিও বা নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী এবং সমর্থকদের ওপর নজরদারিটা অন্য প্রার্থীর তুলনায় বেশি করেছে।
হাছান মাহমুদ কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকেও অভিনন্দন জানান এবং বলেন, তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এতো অল্প ভোটে হারলে আসলে মেনে নেয়া কঠিন হয়। তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন। তবে আমরা আশা করেছিলাম, আমাদের প্রার্থী আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
বিএনপি মহাসচিবের মন্তব্য ‘এই নির্বাচন সুষ্ঠ নয়’ এ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমত যখন কেউ কানা হয়, তাকে তো আপনি চাইলেই দেখাতে পারবেন না। চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে কোনভাবেই দেখাতে পারবেন না। যারা নির্বাচন করেছে, নির্বাচনের সাথে ছিল, সেখানকার ভোটার, প্রার্থী সাক্কু সাহেবসহ সবাই বলছে নির্বাচন খুব ভালো হয়েছে। ফলে, ফখরুল সাহেব ঠাকুরগাঁওয়ে বসে কি বললেন, তা গুরুত্বহীন হয়ে পড়ে, কিছু আসে যায় না।
এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামকে তাদের বিএসআরএফ বার্তা প্রকাশের জন্য অভিনন্দন জানিয়ে ডক্টর হাছান বলেন, লেখনী মানুষকে সমৃদ্ধ করে। আমি আশা করবো, এই ফোরাম সবসময় ঐক্যবদ্ধ থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডগুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply