১৮ নভেম্বর ২০২০ ( নিউজ ডেস্ক): স্বাস্থ্যসেবা খাতে আসছে পরিবর্তন। চাইলেই আর রোগীদের কাছ থেকে ইচ্ছা মত পরীক্ষা নিরীক্ষার ফি নেয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক-সহ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করে দেয়া হবে। ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করে দেয়া হবে পরীক্ষা-নিরীক্ষাসহ সেবার মূল্য।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্যখাত বিষয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এমনটাই আলোচনা হয়। সভা শেষে সারাদেশে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর সেবা বিষয়ে সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, করোনার দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। যাদের লাইসেন্স নবায়ন করা নেই তাদের তা নবায়ন করতে হবে। বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের।
তিনি বলেন, যদি লাইসেন্স নবায়ন না থাকে, সরকারের নিয়মনীতির ভায়োলেশন থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো যন্ত্রপাতি, অবস্থান, জনবল এসব বিবেচনায় স্বাস্থ্যসেবার মূল্য ধরা হবে। আর হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠার ব্যয় ও সেবার মানের ভিত্তিতে ক্যাটাগরি নির্ধারণ করা হবে। মূল্য নির্ধারণের পর সে মূল্য তালিকা হাসপাতালের নির্ধারিত বোর্ডে প্রকাশ করতে হবে।
একজন কর্মকর্তাকে গ্রেফতারের কারণে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করছেন। সেখানে রোগীদের সেবা দেয়া হচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। যে ঘটনাগুলো ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্যসেবা/এসকেএম/আরএম
















Leave a Reply