০৩ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ ইস্যুতে আল জাজিরার প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এমন তথ্য প্রকাশ উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি তিনি দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এধরণের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধ করার আহ্বান জানান।
বুধবার সকালে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমে সরকারের সমালোচনাও হচ্ছে। দেশের এতো ‘ভাইব্রেন্ট এবং অ্যাক্টিভ মিডিয়া’ যেখানে কোন ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।
ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং উস্কানি দিচ্ছে, তাদের যোগসাজশে এমন সংবাদ হয়েছে।
তিনি দাবি করেন, জনগণ মনে করেন এ প্রতিবেদন লন্ডনভিত্তিক অংশ। এর কোন সত্যতা নেই।
শেখ হাসিনা সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে।
ওবায়দুল কাদের বলেন, কোন ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সাথে যুক্ত করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে, এটি সঠিক সাংবাদিকতা নয়।
কাদের বলেন, ’৭৫ পরবর্তী সময় দেশে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। দেশে-বিদেশে বসে দেশ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা কোন কাজে আসবেনা, বরং বুমেরাং হবে।
সেতুমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা ও দেশের উন্নয়ন, অর্জন এবং অগ্রগতিকে এখনও মেনে নিতে পারেনি তারাই এই প্রতিবেদনের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় লিপ্ত।
তিনি বলেন, জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময় এতো অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী/এসকেএম/আরএম















Leave a Reply