দিনাজপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু

২৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দিনাজপুরের পৃথক দুই স্থানে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকায় নিহত হয়েছে চার জন কিশোর। এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় নিহত হয়েছেন তিনজন যুবক।

সোমবার বেলা তিনটায় উপশহরের ৪ নম্বর রেলঘুমটি ব্লকের মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের খেলার মাঠে এ ঘটনা ঘটে। এর আধা ঘণ্টার মাথায় বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের ভুড়িয়াপাড়ায় বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়েছে।

সদর উপজেলায় মারা যাওয়া চারজন হলো উপশহর এলাকার সাদিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আপন, আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন, তার ফুফাতো ভাই সিদ্দিক হোসেনের ছেলে মোহাম্মদ হাসান এবং রাজু মণ্ডলের ছেলে মিম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মনোয়ার চৌধুরীর পুকুরের পাশে মাঠে ফুটবল খেলতে নামে একদল কিশোর। হঠাৎ তীব্র মেঘের গর্জনে কিশোরের দল মাঠের পাশে টিনের ছাউনিতে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, কিশোরেরা মাঠে ফুটবল খেলছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

চিরিরবন্দর উপজেলায় মারা যাওয়া তিনজন হলেন সুখদেবপুর ভুড়িয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক, আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী এবং মোকছেদ আলীর ছেলে সাইফুল ইসলাম।

জানা যায়, দুপুরের পরে তিনজন ছিপ দিয়ে স্থানীয় বাসুনিয়ার দিঘীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় তাদের ওপরে বজ্রপাত হলে চিৎকার দিয়ে ওঠেন তারা। পরে স্থানীয় ব্যক্তিরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহত তিনজনকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হবে।

বজ্রপাত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *