নিউজ ডেস্ক
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এ জন্য রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর জোহরের নামাজের পর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ ভবন এলাকায় উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজায় ইমামতি করবেন বায়তুল মুকাররম মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র রাজনীতিক ও বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিবেন।
জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার জন্য বুধবার ৩১ ডিসেম্বর চলাচল করবে অতিরিক্ত মেট্রোরেল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খালেদা জিয়ার জানাজা-১/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD















Leave a Reply