১৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা তিন অংকের ঘরে পৌঁছছে গতকাল। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১০১ জন। গতকালও মৃতের সংখ্যা একই ছিল। গত বৃহস্পতিবার ৯৪ জন মারা যান। বুধবার রেকর্ড ৯৬ জন মারা গিয়েছিলেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ২৯ জন এবং ষাটোর্ধ্ব বয়সের ৫৮ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। গতকালের চেয়ে আজ ৯৪৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৮ হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২ হাজার ৭২১টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট পরীক্ষার ৩৮ লাখ ৩৪ হাজার ৭১০টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ১৫ হাজার ৯৫৩টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply