ইউরোপে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা

২৪ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দাবানল, দাবদাহ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যেই ইউরোপে বিগত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। এতে মহাদেশটির প্রধান প্রধান নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে হ্রাস পেয়েছে নাব্যতা, ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদন।

ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্রের (ইডি) বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ কথা জানায়।

খবরে জানা যায়, আর্দ্রতা হারিয়ে ইউরোপের ৪৭ শতাংশ এলাকার মাটি শুকিয়ে গেছে। এ ছাড়া ইউরোপের আরও ১৭ শতাংশ এলাকা ‘সতর্ক অবস্থায়’ রয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বছরের শুরু থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে দেখা দেয়া খড়া আগস্টের শুরুতে আরও ছড়িয়ে পড়েছে। বর্তমানে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

ইউরোপের বেশির ভাগ অংশে চলতি গ্রীষ্মে কয়েক সপ্তাহ ধরেই রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা গেছে। আর এতে অঞ্চলটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন নানা ফসল। কৃষি উৎপাদনের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনও। এমনকি তীব্র তাপমাত্রা সৃষ্টি করেছে দাবানলের। বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের।

ইউরোপ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ