করোনায় আক্রান্ত উইন্ডিজ ক্রিকেটার

১৫ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের ক্রিকেটার হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছেন তিনি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বুধবার করা করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। যদিও তার কোনও উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে রয়েছেন। 

বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে আছেন। ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল যাদের আসবে তারাই মাঠে নামার অনুমতি পাবেন। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন শুরু করেন। 

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। 

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *