কলিকাতার মহারাজ অনেকটাই সুস্থ

০৫ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বুধবার হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে তার। হাসপাতাল সূত্রের বরাতে এ খবর দিয়েছে জি নিউজ।

সৌরভের চিকিৎসক রুপালি বসু জানিয়েছেন, সৌরভের অবস্থা স্থিতিশীল। বুধবারই তাকে ছাড়পত্র দেয়া হতে পারে। সৌরভের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখন ভালো। দুই-তিন সপ্তাহের মধ্যে তার পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

জানা গেছে, সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তার বাঁ দিকের ধমনীতেও দুটি ব্লকেজ রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও দুটি স্টেন্ট বসানো হবে। সে কারণে তাকে আবারও হাসপাতালে আসতে হবে।

সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সাথে আলোচনা করে যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্ট করাতে হবে। তবে সেটি কবে করানো হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সৌরভকে মঙ্গলবার দেখেছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি দেখার পর বাকি দুইটি এনজিওপ্লাস্টির দিন ঠিক হবে।

সৌরভের চিকিৎসার ধরণ এখন কী হতে পারে, তা নিয়ে আলোচনা করতে সোমবার কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনায় বসেন হাসপাতালের ৯ চিকিৎসকের মেডিকেল বোর্ড।

জুম বৈঠকে যোগ দেন দেবী শেঠি এবং হার্ট সার্জন রমাকান্ত পান্ডা। আলোচনা হয় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্যামুয়েল ম্যাথুর সাথেও।

এদিকে, গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন। কথা বলেছেন সৌরভের স্ত্রী ডোনার সাথে। ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

উল্লেখ্য, শনিবার সকালে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। দ্রুতই তাকে নেয়া হয় কলিকাতার উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাকে পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এরপরেই শনিবার একটিতে স্টেন্ট লাগানো হয়।

সৌরভ গাঙ্গুলী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *