চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বাসচালক জামির হোসেন মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়ায় নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
শনিবার সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬০ বছর বয়েসী জামির হোসেন।
রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া জমিরের দাফন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ডিলাক্স পরিবহনের ব্যবস্থাপক আশরাফুল হক বাবুল।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা জামিরের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
পুলিশ পরদিন মেহেরপুরের গাংনী উপজেলা থেকে জামিরকে গ্রেফতার করে। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে পুলিশ বাদী হয়ে জামিরের বিরুদ্ধে থানায় মামলা করে।
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত জামির হোসেনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর থেকে জামির কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
উল্লেখ্য, এই রায়কে কেন্দ্র করে তৎকালীণ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বাধীন শ্রমিক ফেডারেশন সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে সারাদেশ অচল হয়ে পরে এবং টানা কয়েকদিন যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।













Leave a Reply