ডেপুটি অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গ করেছেন

নিউজ ডেস্ক: ডক্টর মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, তার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্ট এলাকায় গতকাল সাংবাদিকদের সাথে কথা বলেন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে  হয় তার পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে নোবেলজয়ীরাও রয়েছেন। শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে গত ২৮ আগস্ট এই চিঠি প্রকাশ করে।  সোমবার হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেপুটি  অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন,  ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা ওই বিবৃতি বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়ার কথা রয়েছে। এমন দাবি করে এমরান বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত  নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না। তিনি বলেন, এটি আমার নিজস্ব চিন্তা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ শতাধিক ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন, তার সাথে আমি একমত।

এদিকে আজ অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে ডক্টর ইউনূসের বিপক্ষে বিবৃতির কোনও নির্দেশনা বা নোটিশ দেয়া হয়নি। নিশ্চিতভাবে কোনও পক্ষকে খুশি করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া এটা বলেছেন। নিশ্চয়ই এখানে তার কোনও উদ্দেশ্যে ছিল।

অ্যাটর্নি জেনারেল আজ তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যদি তাকে কেউ বিবৃতিতে স্বাক্ষর করতে বলতো, তার তো উচিত ছিল অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে জিজ্ঞেস করা। কিন্তু তিনি আমার সাথে কোনও কথাই বলেননি। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ছুটিতে ছিলেন। কিন্তু কোর্ট প্যান্ট পরে এসে তিনি সরাসরি সাংবাদিকদের কাছে ব্রিফ করেছেন। এখানে নিশ্চয় তার কোনও উদ্দেশ্য আছে।

ডিএজি এমরানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তার নিয়োগকারী কর্তৃপক্ষ না। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

আইনমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ