৩০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে। ছাদ বাগান করলে মওকুফ করা হবে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা মাঠে ডিএনসিসি’র বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খালের পাড়, রেল লাইনের ধার, লেকের পাড়, শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও সুবিধাজনক স্থানে টিম গ্রুপের পক্ষ থেকে দেয়া ২ লাখ গাছের চারা রোপন করা হবে।
আতিকুল ইসলাম বলেন, সবার বাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তুলতে পর্যাপ্ত সংখ্যক গাছের চারা রোপন ও পরিচর্যার জন্য ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে সেগুলোর পরিচর্যা করতে হবে।
রূপনগর থেকে নৌকায় তুরাগ নদীতে যেতে চান মেয়র আতিক
তিনি বলেন, শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্ম সনদের সাথে সাথে লংকা বাংলা ফাইনান্সের অর্থায়নে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়া হবে।
তিনি বলেন, কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনও বিকল্প নেই। তাই আমাদের সবাইকে নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে।
মেয়র বাণিজ্য মেলা মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন অভিযান-২০২১ এর শুভ উদ্বোধন করেন। তিনি বেশ কয়েকজন শিশুর অভিভাবকের কাছে একটি করে গাছের চারাসহ জন্মসনদ তুলে দেন।
অনুষ্ঠানে নাহিদ ইজাহার খান এমপি, যুবলীগ মহাসচিব মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মেয়র আতিক/এসকেএম















