১০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয়নরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাকালে এটি উইন্ডিজের তৃতীয় সিরিজ হলেও বাংলাদেশের প্রথম। ফলে এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
করোনার ঝুকিঁ এড়াতে তিনদিন হোটেল রুমে কোয়ারেন্টিনে থাকাবেন উইন্ডিজ দল। এরপর কোভিড টেস্টের ন্যাগেটিভ ফল নিয়ে নিজেদের মধ্য অনুশীলনের সুযোগ পাবেন তারা।
টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ ওয়েস্ট ইন্ডিজের মূল দলের নিয়মিত ১০ ক্রিকেটার আসেননি বাংলাদেশে। ব্যক্তিগত কারণে নেই আরও দুজন। করোনায় আক্রান্ত হয়ে ছিটক গেছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড।
কোয়ারেন্টিন পর্ব শেষ করে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply