২৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২ আয়োজন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি নারী ও পুরুষ দৌড়বিদ অংশ নিবেন। ইতোমধ্যেই ৩০ জন এলিট রানার নিবন্ধিত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। তিনি সাংবাদিকদের উদ্দেশে পরে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এই ম্যারাথন ইতোমধ্যে এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এআইএমএস)-এর অনুমোদন পেয়েছে।
ঢাকা ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ইথিওপিয়া, কেনিয়া, মরক্কো, ইউক্রেন, লাটভিয়া, লিথুয়ানিয়া, রুয়ান্ডা, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়াসহ বিভিন্ন দেশের দৌড়বিদরা অংশ নিবেন। সাফ দেশগুলির মধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার আনুমানিক ৩০ জন ফুল ম্যারাথনে অংশ নিবেন।
এবারের আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ম্যারাথনটি ১০ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শেষ হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে ২০২১ সাল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ শুরু হয়। প্রতিবছর ১০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ ম্যারাথন হচ্ছে।
বঙ্গবন্ধু ম্যারাথন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply