নিউজ ডেস্ক: দাম কমার এক সপ্তাহ না যেতেই আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। এতদিন যা ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
এর আগে সবশেষ গত ১১ এপ্রিল অবশ্য সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমেছিল।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেটে রুপা ১ হাজার ৭১৫ টাকা দরেই বিক্রি হবে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকা দামে বিক্রি হবে।
আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ২৫২ টাকায় বিক্রি হয়েছে। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা বাড়ছে।
স্বর্ণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















