১৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
দেশটির সংবাদমাধ্যম ফ্রি-মালয়েশিয়া টুডে ও মালয়েশিয়াকিনির করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ।
মোহদ রেদজুয়ান জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতোমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।
২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায়। তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেয়ার পর।
এ ছাড়া করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।
মুহিউদ্দিন ইয়াসিন/এসকেএম
















Leave a Reply