নিউজ ডেস্ক: নিজ উদ্যোগে অবৈধ দখল ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, পর্যায়ক্রমে সব অবৈধ দখল উদ্ধার করা হবে।
সোমবার গুলশানে শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, যারা মাঠ, ফুটপাত ও খালের পাড়ে অবৈধভাবে দখল করেছে তাদের বলতে চাই নিজেরা অবৈধ দখল সরিয়ে নিন। নইলে বুলডোজার যখন যাবে তখন কিন্তু আর সীমানা মাপা হবে না- যে কতখানি দখল করেছেন কতখানি বৈধ জায়গা। আমরা অভিযান পরিচালনা করবো।
মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএনসিসির উদ্যোগে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে ‘শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, আমরা ২৪টি পার্ক ও মাঠ নির্মাণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। মাঠ ও পার্কগুলো উন্মুক্ত করার পর এগুলো রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য গুলশান ইয়ুথ ক্লাবের সাথে একটি চুক্তি করে দায়িত্ব দেয়া হবে।
সারফেস ড্রেন ও খাল দূষণের কথা তুলে ধরে মেয়র বলেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এসব লেকগুলোতে মাছ ছাড়তে গিয়েছিলাম কিন্তু সেখানে পানির দূষণের কারণে মাছ ছাড়তে পারিনি। জীব ও বৈচিত্র আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণীর মানুষরাই তাদের বাড়ির পয়:বর্জ্যরে লাইন সরাসরি যুক্ত করে দিয়েছেন লেকে। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি এখানে কেউ ছাড় পাবেন না।
হোল্ডিং ট্যাক্স প্রদানে সিটি কর্পোরেশন অফিসে যেতে নিষেধ করে ডিএনসিসি মেয়র বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো কেউ হোল্ডিং ট্যাক্স দিতে সিটি কর্পোরেশন অফিসে যাবেন না। কারণ সবখানের মতো সিটি কর্পোরেশনেও কিছু অসৎ ব্যক্তি রয়েছে। তারা তখন সাধারণ জনগণকে দেখিয়ে দেয় আকাশের যত তারা সিটি কর্পোরেশনের তত ধারা। ট্যাক্স পরিশোধ করাটাই কঠিন হিসেবে তারা মানুষকে দেখায়। এর ফলে তারা অবৈধ সুবিধা নেয়। সে কারণে সেই ভোগান্তির মধ্যে না গিয়ে অনলাইনে সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন। তাহলে কোন ভোগান্তি হবে না এবং অসাধু যারা আছে তারাও কোন ফায়দা নিতে পারবে না। অনলাইনেই সবকিছু সুন্দরভাবে দেয়া আছে বিস্তারিত সেখান থেকেই আপনি আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স প্রদান করতে পারবেন।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply