ইউরোপ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ বিষয়ে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন।
ইসি জানিয়েছে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী ৩০ নভেম্বরের মধ্যেই আবেদন করতে হবে। আবেদন করা যাবে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যেই স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা নিয়েছে। স্পেন, অ্যান্ডোরা ও ইকুয়েটরিয়াল গিনিতে বসবাসরত প্রবাসীদের এ তথ্য জানিয়েছে দূতাবাস।
স্পেন, অ্যান্ডোরা ও ইকুয়েটরিয়াল গিনিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। আগ্রহী নাগরিকরা ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ এর ১১ থেকে ১৫ নং বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ‘নির্বাচনী আইন’ ট্যাবে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ পাওয়া যাবে।
ভোট/এএমএম















Leave a Reply