২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন প্রিজন সেলে বসে জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত হলেন চার প্রধান কারারক্ষী। সব মিলিয়ে প্রত্যাহার করা হয়েছে ১৭ জন কারারক্ষীকে।
বৃহস্পতিবার ৮ জন ও শুক্রবার আরও ৯ জনকে প্রত্যাহার করা হয়। অন্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার হওয়া সবাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্বরত ছিলেন।
শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্রায় দুই মাস আগে রফিকুল আমীন ডায়াবেটিক আক্রান্ত হওয়ার কথা বলেন। এরপর তাকে কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, বিএসএমএমইউ-এর প্রিজন সেলে বসেই রফিকুল আমীন জুমে ব্যবসায়িক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জুম বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ে। এ জুম বৈঠক কিভাবে হলো তা খতিয়ে দেখতে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এর প্রধান করা হয় ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শককে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সিনিয়র কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ জানান, এতদিন প্রিজন সেলে প্রধান কারারক্ষী ও কারারক্ষীরা দায়িত্ব পালন করতেন। এখন থেকে ডেপুটি জেলাররা পর্যায়ক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সাময়িক বরখাস্ত/এএমএম/আরএম
আরও পড়ুন: কারাগারে জঙ্গিদের ঈদ উদযাপনের প্রস্তুতি














