২৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করতে গিয়ে ভয়ংকর সব কথা বলেছেন বিএনপি নেতা আবু সাঈদ। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক স্পর্শকাতর একাধিক মামলায় গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, রাস্ট্র ক্ষমতা দখলের উদ্দেশে তিনি কওমী মাদরাসার শিক্ষার্থীদের উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিলেন।
মামুনুলের মুক্তি চেয়ে জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ইউটিউবে ৮ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন। ইউটিউব চ্যানেল এইউ টিভি নিউজ টোয়েন্টি ফোর-এ ভিডিওটি আপলোড করা হয়।
ভিডিওতে দেখা গেছে, আবু সাঈদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাফের উপাধি দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে।
ভিডিও বার্তায় আবু সাঈদ বঙ্গভবন ও গণভবন জ্বালিয়ে দেয়ারও আহ্বান জানান। তিনি তার অনুসারীদের এমপি হোস্টেল ও মন্ত্রীপাড়া জ্বালিয়ে দিতে আহ্বান জানান। ঘেরাও করতে বলেন সচিবালয়। এর মধ্যদিয়ে হেফাজতে ইসলামের বাংলাদেশ কায়েম করার আহ্বান জানান।
তিনি নোংরা ভাষায় ছাত্রলীগ ও যুবলীগকেও গালাগাল করেন। পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। বলেন, পুলিশ আঘাত করলে পাল্টা প্রতিঘাত করতে হবে।
যারা মামুনুলকে সোনারগাঁওয়ের রিসোর্টে হাতেনাতে ধরেছে, তাদের আগুনে পুড়িয়ে দেয়ার কথা বলেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিতে বলেন। এই জ্বালিয়ে পুড়িয়ে দেয়াকে তিনি জায়েজ বলে অভিহিত করেন।
আবু সাঈদের ভিডিও বার্তার বক্তব্য আপত্তিকর হওয়ায় তা প্রকাশ করা হলো না। তবে তা আর্ট নিউজের সংগ্রহে রয়েছে।
রাজধানীর মাদরাসা থেকে উদ্ধার করা ছুরি চাকু সম্পর্কে তিনি বলেন, আবার নতুন করে চাকু তৈরি করতে হবে। এর জন্য যে টাকা লাগে তা তিনি দিবেন। নতুন করে চাকু তৈরি করতে হবে।
স্মর্তব্য, পুলিশী জিজ্ঞাসাবাদে মামুনুল স্বীকার করেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের মারধরের কথাও।
মামুনুল হককে জিজ্ঞাসাবাদের পর গত মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানানো হয়। বলা হয়, পুলিশী জিজ্ঞাসাবাদে এ সব তথ্য জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।
ব্রিফিংয়ে বলা হয়, মামুনুল হক স্বীকার করেছেন, ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয়ার সময় জোশের কারণে বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে মানহানিকর বক্তব্যও দিয়েছেন।
একই দিন (মঙ্গলবার) দুপুর পৌণে ১২টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সিআইডি’র অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি।
উল্লেখ্য, ১৮ এপ্রিল রোববার তাকে গ্রেফতার করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজে অস্থিরতা তৈরি, রাষ্ট্রবিরোধী তৎপরতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে অসত্য, বানোয়াট ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়াসহ বিভিন্ন অভিযোগে তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ ধরা পরে ব্যাপকভাবে সমালোচিত হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।
রাষ্ট্রদ্রোহিতা/এএমএম/টিটি














Leave a Reply