২৯ মে ২০২২ (নিউজ ডেস্ক, বরিশাল): বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ১১ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ১১ জন নিহত হন। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। চলন্ত গাড়িটি গাছের সাথে ধাক্কা খেলে গাছটি গাড়ির ভেতর ঢুকে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহত মানুষের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব রায় বলেন, দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ তাদের হাসপাতালে রাখা আছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













