বিনোদন জগতের যাঁদের হারিয়েছি

৩০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ২০২১ সালে জাতীয় পর্যায়ে আমরা হারিয়েছি অসংখ্য গুনীজনকে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যায় রয়েছেন শিল্পীরা। অভিনয় ও সঙ্গীত জগতের অনেককেই আমরা হারিয়েছি ২০২১ সালে। এদের মধ্যে বেশ কয়েকজনকে কেড়ে নিয়েছে মরণঘাতি করোনা ভাইরাস।

অভিনেতা এটিএম শামসুজ্জামান

কিংবদন্তী এই প্রবীণ ও গুণী অভিনেতা মারা যান গত ২০ ফেব্রুয়ারি সকাল ৯টায়। রাজধানীর সূত্রাপুরে নিজ বাসাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ টি এম শামসুজ্জামান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগে দুই দফা তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দ্বিতীয় দফায় সুস্থ হয়ে বাসায় ফেরার কয়েক দিন পরই তিনি মারা যান।

অভিনেত্রী সারাহ বেগম কবরী

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির মিষ্টিমেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী মারা যান ১৭ এপ্রিল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই গুনী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য। ৫ এপ্রিল তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ওই রাতে হাসপাতালে নেয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয় ১৫ এপ্রিল। দুই দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান তিনি।

কণ্ঠশিল্পী ফকির আলমগীর

জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা যান ২৩ জুলাই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের কোভিড ইউনিটে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। করোনা ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ২৩ জুলাই ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। ওই দিন রাত ১০টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

অভিনেতা ডক্টর ইনামুল হক

একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা মারা যান ১১ অক্টোবর। ওই দিন বিকাল ৩টার দিকে কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর ইনামুল হক কয়েক দিন অসুস্থ থাকার পর ১১ অক্টোবর দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।

চিত্রনায়ক ওয়াসিম

সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম মারা যান ১৮ এপ্রিল। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে গত তিনি মারা যান।

কণ্ঠশিল্পী জানে আলম

প্রায় চার হাজার গানের শিল্পী জানে আলম মারা যান ২ মার্চ। মৃত্যুর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা জয়ের পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২ মার্চ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিত্রনায়ক শাহীন আলম

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহীন আলম রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮ মার্চ। তিনি কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

স্বাধীনতা যুদ্ধের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ভর্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। সেখানেই গত ৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দ্রমোহন রাজবংশী। একুশে পদকপ্রাপ্ত লোকগানের এই শিল্পী ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি গেয়েও মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম বাংলায়।

কণ্ঠশিল্পী মিতা হক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক মারা যান ১১ এপ্রিল ভোরে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি বহু দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মিতা হক প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী ছিলেন।

পরিচালক মনোয়ার খোকন

খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা মারা যান গত ৭ ফেব্রুয়ারি। এদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ সিনেমাটি বানিয়ে তিনি আলোচনায় আসেন।

কণ্ঠশিল্পী নমিতা ঘোষ

একাত্তরের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ মারা যান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। মৃত্যুকালে নমিতা ঘোষের বয়স হয়েছিল ৬৫ বছর।

সুরকার ফরিদ আহমেদ

‘ইত্যাদি’ অনুষ্ঠানের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’র সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা যান গত ১৩ এপ্রিল সকালে। ২০ দিন করোনা ভাইরাসের সাথে লড়াই করে মারা যান তিনি।

অভিনেতা মাহমুদ সাজ্জাদ

করোনা-পরবর্তী জটিলতায় প্রখ্যাত এই অভিনেতার মৃত্যু হয় গত ২৪ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। করোনা পরবর্তী জটিলতা নিয়ে ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন মাহমুদ সাজ্জাদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেড় মাসেরও বেশি সময় ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

অভিনেতা মজিবুর রহমান দিলু

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা মজিবুর রহমান দিলু মারা যান গত ১৯ জানুয়ারি ভোরে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বিটিভিতে প্রচারিত শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ নাটকে ‘বড় মালু’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন মুজিবুর রহমান দিলু।

প্রযোজক কামরুল হাসান

‘দেবদাস’ ছবির প্রযোজক কামরুল হাসান মারা যান ১৮ মার্চ। ৭১ বছর বয়েসি কামরুল হাসান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ১৮ মার্চ রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রযোজনার পাশাপাশি কামরুল হাসান বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা ছিলেন।

অভিনেতা এসএম মহসিন

গুনী অভিনয় শিল্পী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির অভিনয় বিভাগের সাবেক পরিচালক এসএম মহসিন মারা যান ১৮ এপ্রিল। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর আগে তিনি ওয়াজেদ আলীর পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেন।

গীতিকার ওসমান শওকত বাবু

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত বাবু মারা যান গত ২৬ এপ্রিল সন্ধ্যায়। রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দিয়ে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

অভিনেতা শামীম ভিস্তি

২২ অক্টোবর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে মারা যান অভিনেতা শামীম ভিস্তি। মৃত্যুকালে শামীমের বয়স হয়েছিল ৫৫ বছর।

অভিনেত্রী আশা চৌধুরী

ছোটপর্দার অভিনেত্রী আশা চৌধুরী মারা যান ৪ জানুয়ারি। সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় তার। ৪ জানুয়ারি মধ্যরাতে মিরপুরের দারুস সালাম এলাকায় ট্রাক চাপায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

২০২১/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *