নিউজ ডেস্ক: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে পদ্মাসেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটির শিল্পী মনিরুজ্জামান। তার আঁকা ছবি বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে উপহার দেয়ায় দারুণ উল্লসিত এই শিল্পী। বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছবিটি উপহার দিয়ে মধুর প্রতিশোধ নিলেন। প্রতিশোধ যে এত সুন্দর হতে পারে তা দেখালেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার শিল্পী মনিরুজ্জামান রাজধানীর গ্যালারী চিত্রকে আর্ট নিউজকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন। তিনি বলেন, ছবিটি আঁকা একটি চ্যালেঞ্জ ছিল। মাত্র দুই রাত তিনদিন সময় পাওয়া গেছে ছবিটি আঁকার জন্য।
মনিরুজ্জামান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে বলা হয়েছিল তিনদিনের মধ্যে পদ্মাসেতুর একটি ছবি এঁকে দিতে হবে। ছবিটির আকার ২৬ ইঞ্চি বাই ৪২ ইঞ্চি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।
শিল্পী মনিরুজ্জামন বলেন, বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে এই ছবিটি দেয়ার মধ্যদিয়ে একটি সুন্দর, মধুর প্রতিশোধ নেয়া হলো। এরচেয়ে বড়ো ডিপ্লোম্যাসি আর কী হতে পারে! এই সুন্দর প্রতিশোধটা একটা উদাহরণ, এটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের সক্ষমতার উদাহরণ হয়ে থাকবে।
নিজের অনুভূতির প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, আমাকে যখন পদ্মাসেতুর ছবি আঁকতে বলা হয়, আমি জানতাম না এটা কি কাজে লাগবে। প্রধানমন্ত্রী যখন ছবিটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে দেন তখন ভালো লেগেছে… অহংকারবোধ করেছি। গর্ব অনুভব করেছি। মনে হয়েছে আমি ইতিহাসের অংশীদার হয়েছি।
পদ্মাসেতু/এএমএম/কিউটি
আরও পড়তে: http://www.artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: https://www.youtube.com/watch?v=w-rMKVb-39I















Leave a Reply