মুলাদীতে জেলেদের ওপর হামলা

৪ মে ২০২১ (নিউজ ডেস্ক, বরিশাল): আবারও চাল বিতরণে অনিয়মের অভিযোগ। এবারও অভিযুক্ত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান। জেলেদের অভিযোগ, চেয়ারম্যান চাল বিতরণে অনিয়ম করছেন। অভিযোগের পর প্রতিকারের পরিবর্তে জুটলো নির্যাতন। আহত হলেন পাঁচ জন। এমন ঘটনা বরিশালের মুলাদীতে। তবে চেয়ারম্যান মোহসীন উদ্দীন হামলার ঘটনা অস্বীকার করেছেন।

মঙ্গলবার দুপুরে মুরাদীর চর কালেখান ইউনিয়নের চেয়ারম্যানের লোকেরা এ হামলা চালায়। সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোহসীন উদ্দীন খান। জেলে পরিবার পিছু তিন মাসের জন্য চাল বিতরণের কথা। অভিযোগ, কার্ডধারী প্রকৃত জেলেদের চাল দেয়া হয়নি। দেয়া হয়েছে চেয়ারম্যানের নিজস্ব লোকদের।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম মৃধা জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। জাহাঙ্গীর হোসেন নামে একজন কার্ড ছাড়াই চাল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। কার্ডধারী বঞ্চিত জেলেরা তাকে আটক করেন। এ ঘটনার পর আওয়ামী লীগের স্থানীয় নেতারা চেয়ারম্যানের কাছে যান এ বিষয়ে কথা বলার জন্য। চেয়ারম্যান নেতাদের কথা না শুনে তাদের অস্থায়ী কার্যালয় থেকে বের করে দেন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা বঞ্চিত জেলেদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

জানা গেছে, মঙ্গলবার বিক্ষোভকারী জেলেদের কয়েকজন চর কালেখান নোমরহাট বাজারে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। যুবলীগ নেতা শফিকুল ইসলাম মিলন জানান, আক্তার হাওলাদার, আকতার সরদার, রুস্তম সরদারসহ ইউপি চেয়ারম্যানের লোকজন জেলেদের ওপর হামলা চালায়। হামলায় পথচারী শুক্কুর সরদার, জেলে জাকির হোসেন, জামাল হোসেন-সহ ৫ জন আহত হন।

আহত শুক্কুর সরদারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোহসীন উদ্দীন খান হামলার কথা অস্বীকার করেন। তবে কার্ড না থাকা শ্রমিক জাহাঙ্গীর হোসেনকে এক বস্তা চাল দেয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীরকে চাল দেয়ার ঘটনাকে পুঁজি করে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

হামলা/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *