নিউজ ডেস্ক: মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আগামীকাল। সকাল ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি শপথগ্রহণ করবেন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মোহাম্মদ সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন।

ফাইল ছবি
অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতির সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন ।
রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে যাচ্ছেন।
নতুন রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ৭৩ বছর বয়সী এই রাজনীতিক বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply