১৮ সেপ্টেম্বর ২০২২ (বিনোদন ডেস্ক): গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ন ইউনিটের পরিচালক মোহাম্মদ আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডাক্তার সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসককেও রাখা হয়েছে।
এসএম আইউব হোসেন বলেন, আবু হেনা রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রক্ত পরীক্ষায় প্লাটিলেটও কম দেখা গেছে। সেই প্রতিবেদনগুলো আজকে বোর্ড সভায় পর্যবেক্ষণ করা হবে।
এ রকম দুর্ঘটনায় দগ্ধ রোগীদের মাল্টি অরগ্যানে সমস্যা হয় উল্লেখ করে তিনি বলেন, কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তবু গত দুই দিনের মতো আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। রনিসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ আরও চারজন। তাদের মধ্যে রনিসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আবু হেনা রনি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply