৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া বাংলাদেশে রবীন্দ্রনাথকে বিকশিত হতে দেয়নি। তাদের সময়ে রবীন্দ্র গবেষকদের নির্যাতন করা হয়েছিল, রবীন্দ্র গবেষণাও তেমনভাবে হয়নি।
রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরস্হ উপজেলা শিল্পকলা একাডেমীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি সব ক্ষেত্রে পথ দেখানো একজন মহাপুরুষ। আমাদের হৃদয়ের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে রবীন্দ্রনাথকে ধারণ করার পথটি জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বন্ধ করে দিয়েছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এটা দুঃখজনক যে রবীন্দ্রনাথকে আমরা অনুসরণ করিনি। তার সাহিত্যের উর্বরতার জায়গায় যেতে পারিনি। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে ধারণ করতে পারলে আরও মানসম্মত জাতিতে পরিণত হতাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র গবেষণার ব্যবস্থা করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের সময়ে রবীন্দ্র মেলার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট ছিলনা। তাদের বাজেট ছিল হাউজি খেলা ও নাচের জন্য।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। জাপানের এক গবেষণায় জানা গেছে- করোনা ভাইরাস থেকে সুরক্ষা লাভের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।
জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক, সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আজম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম খান, সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।
খালিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply