শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে

নিউজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচী সম্পর্কে তিনি বলেন, আমরা কোন পাল্টাপাল্টি কর্মসূচী করতে যাচ্ছি না। বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে।

তিনি বলেন, এ জন্য অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ করছি। আমরা সময়সীমা দিয়ে কোন কর্মসূচী দিচ্ছি না, তবে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়। এই তিনটি ঘটনা একইসুত্রে গাঁথা।

ওবায়দুল কাদের বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একইসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তাদেরকে পরাজিত করবো, পরাভূত করবো।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ অন্যরা।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *