সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

১৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): দুর্নীতি, অর্থ পাচারসহ চার মামলা থেকে জামিন পাওয়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত বুধবার জামিন পান সম্রাট। এদিন বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার জামিনের কাগজপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়। এরপরই সম্রাটের কেবিনের সামনে থেকে কারারক্ষীদের সরিয়ে নেয়া হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনটি কাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় আসবে।

২০১৯ সালের ৫ অক্টোবর ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে র‍্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো কারবারের বিষয়টি সামনে আসে। ওই ক্লাব পরিচালনা করতেন যুবলীগের সে সময়ের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তিনি ছিলেন সম্রাটের ঘনিষ্ঠজন। পরে বেরিয়ে আসে ঢাকায় ক্যাসিনো কারবারে হাত রয়েছে ইসমাইল হোসেন সম্রাটের।

এরপর ১৭ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরেক যুবলীগ নেতা এনামুল হক আরমানকে গ্রেফতারর করে র‍্যাব।

পরে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনে মামলা করে। আর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

গত ১০ এপ্রিল অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার পৃথক দুটি আদালত থেকে জামিন পান সম্রাট। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে জামিন দেন আদালত।

সম্রাট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ