সেপ্টেম্বরে বাড়ছে পানির দাম

৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পয়লা সেপ্টেম্বর থেকে বাড়ছে পানির দাম। আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।

বৃহস্পতিবার ঢাকা ওয়াসার বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার বাড়ানো হলো পানির দাম।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ৪২ টাকা। সেপ্টেম্বর মাস থেকে এই দামের সাথে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে।

১৩ বছর আগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন তাকসিম এ খান। তিনি যখন দায়িত্ব নেন তখন আবাসিক পর্যায়ে প্রতি এক হাজার লিটার পানির দাম ছিল ৬ টাকা ৪ পয়সা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এ হার ছিল ২০ টাকা ১১ পয়সা।

ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ জানিয়েছেন, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে সর্বসম্মতভাবে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়ার যুক্তি দেখিয়ে পানির দাম ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বোর্ড সভায় এ নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দুই দফা পানির দাম বাড়ানো হয়। এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)।

পানি/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *