নিউজ ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম কমল ৬৫ টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১২৩২ টাকা। আজ থেকেই এ দাম কার্যকর হবে।
সোমবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
আবদুল জলিল বলেন, ১৮টি কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানির আমদানির ঋণপত্র দেখে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের গড় হিসাব করা হয়েছে। এতে ডলারের বিপরীতে বিনিময় হার ১০৫ টাকা ৬৩ পয়সা। গত মাসে ছিল ১০৫ টাকা ২২ পয়সা। ডলারের দাম আগের মতো ৮০ থেকে ৮৫ টাকায় থাকলে ভোক্তারা বেশি উপকৃত হতেন।
বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৭০ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৪১ পয়সা, যা আগে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল-ই-এলাহী চৌধুরী, আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মোহাম্মদ কামরুজ্জামান।
এলপিজি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply