১৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): মাত্র ৫৬ টাকা খরচ করে সরকারি চাকরিতে যোগ দিলেন ৬২ জন। কুমিল্লা জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের শূণ্য পদে এরা কাজে যোগ দিয়েছেন।
দেরিতে পাওয়া খবরে জানা গেছে, গত ৩ জুলাই এই ৬২ জন কাজে যোগ দিয়েছেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। বলেছেন, যারা চাকরি পেয়েছেন তারা ফরমের ৫৬ টাকা মূল্য পরিশোধ করে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। কোন তদ্বির বা আার্থিক লেনদেন ছাড়াই মেধা ও যোগ্যতারভিত্তিতে তারা নিয়োগ পেয়েছেন।
জেলা প্রশাসক বলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি অনুযায়ী সরকারি কোটা পূরণসহ দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সার্কিট হাউস ও স্থানীয় সরকার শাখায় এসব নিয়োগ হয়। তিনি জানান, অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯শ’ ৫৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন। এতে নিয়োগ প্রাপ্ত হন ১৪ জন, ১ জন নিয়োগ নিতে আসেননি।
কামরুল হাসান জানান, নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন। ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন এবং ২৯ জনের নিয়োগ হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিদায় নিচ্ছেন আশরাফ বিটু
এছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন। নিয়োগ পেয়েছেন ১৫ জন, ১ জন নিয়োগ নিতে আসেননি। সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহণ করা হয়। ৫ জন পরীক্ষা দেন এবং ১ জনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০ জনের আবেদন পাওয়া যায়। ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহণ করা হয়। ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ জনের নিয়োগ হয়। অফিস সহায়ক পদে ১৪ জন নিয়োগ পেয়েছেন।
চাকরি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












