অপূর্বের শারীরিক অবস্থার উন্নতি

০৮ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে গত ৩ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

শারীরিক অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে প্লাজমা থেরাপি দেন। প্লাজমা থেরাপি দেওয়ার পরে কেমন আছে অপূর্ব তা জানতে উৎসুক তার ভক্ত-অনুরাগীরা।

এ বিষয়ে অপূর্বের চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এখনও।

তবে শুরু থেকেই অপূর্বের চিকিৎসার খোজখবর রাখা নাট্য-নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, অপূর্বর বর্তমান অবস্থা ভালোর দিকে।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, অপূর্ব ভাই আগের চেয়ে ভালো আছেন। হাসপাতাল থেকে যেসব খাবার সরবরাহ করা হচ্ছে, সবই খেতে পারছেন। বমিও করছেন না। দুর্বলতা কমেছে কিছুটা।

গত বৃহস্পতিবার করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, সেসব পরীক্ষা আবার করিয়ে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার কথা জানাবেন।

প্রসঙ্গত অক্টোবরের শেষ দিকে কাঁপুনি দিয়ে জ্বর অনুভব করছিলেন অপূর্ব। এর পর করোনায় আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। গত ২ নভেম্বর পজিটিভ ফল আসে। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন থেকে হাসপাতালে ভর্তি হন তিনি।

অক্টোবরে সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অপূর্ব শেষ অংশ নেন। এর আগে একটি শুটিং স্পটে দুজন কৌশলী করোনায় আক্রান্ত হলে অপূর্বসহ ওই ইউনিটের সবাই কোয়ারেন্টিনে চলে যান। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *