নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময়। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাওয়ার খেলায় লিপ্ত। বিগত নির্বাচনগুলোর মতো রাতের আধারে ভোটচুরি করে আবার ক্ষমতায় যেতে চায় তারা। আওয়ামী সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ। বিএনপিও বসে নেই। ক্ষমতায় যেতে তারা দেশী বিদেশি শক্তির দারস্থ হচ্ছে। মাঝখান থেকে জনগণের নাভিঃশ্বাস। দেশের এই সংঘাতময় পরিস্থিতিতে জনগণের বিকল্প শক্তি গড়ে তোলা ছাড়া চলমান সংকটের সমাধান সম্ভব নয়।

শুক্রবার সিপিবির সূত্রাপুর থানার সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন কমরেড বিকাশ সাহা। ছবি: আর্ট নিউজ
শুক্রবার সিপিবির সূত্রাপুর থানার সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। কমরেড শাহ আলম বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের সংকট দিন দিন বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া থামাতে পারছে না। সিন্ডিকেটের ঘাড়ে দোষ দিয়ে পরিত্রাণ পেতে চায়। কিন্তু সরকারের মন্ত্রী আমলারা এই সিন্ডিকেটের সাথে যুক্ত।
তিনি বলেন, গত ৩২ বছর ধরে আওয়ামী লীগ-বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার ধংস করেছে। মানুষকে বাঁচাতে তাই আন্দোলন করতে হবে। সংসদ ভেঙে নিরপেক্ষ তদারকী সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। ভোট ও ভাতের অধিকারের লড়াই আরও জোরদার করতে হবে।
সভায় সিপিবির রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড শামসুজ্জামান হীরা, অ্যাডভোকেট নেসার আহমদ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল, দিপক শীল, জাকির হোসেনসহ অন্যরা।
সিপিবি/এএমএম/টিটি















Leave a Reply