৭ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
শনিবার স্থানীয় সময় রাত প্রায় ২টা ৭ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সিনপোর আশপাশ থাকা একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (এসএলবিএম) ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এর আগে বুধবার দেশটি তাদের পূর্ব উপকূল থেকে সাগরে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। চলতি বছর এই নিয়ে ১৫ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার অঙ্গীকার জানানো দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়লের অভিষেক অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হল। সক-ইয়ল ১০ মে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রবল চাপের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়ে টুইট করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে সরকারি সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রটি সাগরে জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।
উত্তর কোরিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















