ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ

১৩ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইয়েমেন): ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার হয়েছেন। এই অপহরণের জন্য আল কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন ইয়েমেনি কর্মকর্তারা।

শুক্রবার কাজ শেষে এডেনে ফেরার সময় তারা অপহৃত হন বলে জাতিসংঘ স্থানীয় সময় শনিবার বিষয়টি জানিয়েছে। খবর: রয়টার্সের।

ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, অপহৃতদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক।

অপহরণ সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু সুস্পষ্ট কিছু কারণে আমরা এ বিষয়ে মন্তব্য করছি না।

২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে। ২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের মার্চ থেকে অভিযান শুরু করে সৌদি জোট।

ইয়েমেন সংঘাতে হাজারও মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সংঘাতের কারণে দেশটিতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

ইয়েমেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ