পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ব্যাপক প্রাণহানি

১৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানে পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

যাত্রীবাহী বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাওয়ার পথে ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ বলেন, নারী, শিশুসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যারা আহত হয়েছেন, তাদের দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হচ্ছে।

জানা যায়, বাসটিতে যে যাত্রীরা ছিলেন তাদের অধিকাংশই শ্রমিক। তারা ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদার।

সড়ক দুর্ঘটনা/এসকেএম