২৯ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
বৃহস্পতিবার দীর্ঘ ২ ঘণ্টা ফোনালাপকালে এ বিষয়ে একমত হন তারা। খবর: এএফপি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রায় দেড় বছরে চীনা প্রেসিডেন্টের সাথে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনও পক্ষই বৈঠকের দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনও জানায়নি।
বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোনালাপকালে বাইডেন ও শি জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে একমতও হয়েছেন তারা।
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন-বেইজিংয়ের তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সাথে ফোনে কথা বলেন বাইডেন ও শি জিনপিং।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আরও বলছে, দীর্ঘ এ ভিডিও কনফারেন্সে দুই নেতার মধ্যে তাইওয়ান ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে কথা হয়েছে।
বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপড়েন ইতিহাসের যে কোনও সময়ের চেয়ে বেশি। কিন্তু এর মধ্যেই সম্প্রতি উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রায় নিয়মিতই ফোনালাপ হচ্ছে।
বৈঠক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply