২৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ৩ লাখ ৯৫ হাজার মানুষকে।
গত ২০ জুলাই হেনানের রাজধানী ঝেংঝুতে ভারী বর্ষণে তীব্র বন্যা দেখা দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে, ২২ জুলাই পর্যন্ত বন্যায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছেন আটজন। খবর: রয়টার্স।
চীনের আবহাওয়াবিদরা বলছেন, হেনানে গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। এক কোটি ২০ লাখ জনসংখ্যার ঝেংঝু পীত নদীর তীরে অবস্থিত।
মুষলধারে বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যার কারণে ঝেংঝুর রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধ ও জলাধারগুলোতে পানির উচ্চতা ফুলে ফেঁপে উঠেছে। দুর্যোগ মোকাবেলায় প্রদেশজুড়ে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীন/এসকেএম















